হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের ‘ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই’ মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা।সম্প্রতি চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে গিয়ে উপস্থিত লোকজনের সামনে তিনি এসব কথা বলেন বলে জানা গেছে। পরে সেখানে থাকা এক ব্যক্তি মোবাইল ফোনে বক্তব্যটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।ভাইরাল ভিডিওতে ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, “আমি যদি বলি, পুলিশে চাকরি করি কিন্তু ঘুষ খাই না, তবে কি আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব হব? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।”স্থানীয় কয়েকজনের অভিযোগ, বিভিন্ন মামলার তদন্তে এএসআই ইলিয়াসের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ভিডিওটির বিষয়ে এএসআই ইলিয়াস বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না।” এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “ভিডিওটি আমি দেখেছি। এটি যাচাই করে দেখা হচ্ছে। কোন প্রেক্ষাপটে এ কথা বলেছেন, তার সঙ্গে বসে বিষয়টি জানার চেষ্টা করব।”মাধবপুর সার্কেলের এএসপি মো. মাফিউর রহমান বলেন, “বিষয়টি আমি জেনেছি, এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানাব।”