সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: স্বামীকে খালাস দিলেন হাইকোর্ট

বিয়ের সময় বা বিয়ে টিকিয়ে রাখার শর্ত হিসেবে নয়, বরং শুধু ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি করলেই তা নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংজ্ঞায় যৌতুক হিসেবে গণ্য হবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। এ পর্যবেক্ষণের ভিত্তিতে যৌতুকের জন্য নির্যাতনের মামলায় দণ্ডিত এক স্বামীকে খালাস দিয়েছেন আদালত।‘মো. রাসেল উদ্দিন বনাম রাষ্ট্র ও অন্য একজন’ মামলায় ফৌজদারি আপিলের রায়ে এ পর্যবেক্ষণ দেওয়া হয়। গত ৩ আগস্ট বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ আপিল মঞ্জুর করে রাসেল উদ্দিনকে খালাস দেন। ১২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।আদালতে আপিলকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আল রেজা মো. আমির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম (সুজন)।আইনজীবী আল রেজা মো. আমিরের ভাষ্য অনুযায়ী, বিয়ের সময় বা সংসার চলাকালে অর্থ দাবি করে তা না দিলে তালাক দেওয়া কিংবা সংসার না চালানোর শর্ত দেওয়া হলে তা যৌতুকের সংজ্ঞায় পড়তে পারে। তবে শর্ত ছাড়া ব্যবসা, বিদেশে যাওয়া কিংবা গাড়ি কেনার জন্য অর্থ দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না।## যে মামলায় রায়মামলার বিবরণ অনুযায়ী, মুসলিম আইন অনুসারে ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি মো. রাসেল উদ্দিনের সঙ্গে ইসমত আরা বেগমের বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময়ে স্বামী যৌতুক দাবি করেন বলে অভিযোগ করেন স্ত্রী।অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ৪ আগস্ট সন্ধ্যায় ব্যবসার জন্য স্ত্রীর কাছে এক লাখ টাকা দাবি করেন রাসেল। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি স্ত্রীকে গুরুতর শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে।এ ঘটনায় স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় অভিযোগ করেন। পরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মামলাটিতে বিচারিক কার্যক্রম শেষে ২০২৩ সালের ১৫ নভেম্বর রাসেল উদ্দিনকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।ওই রায়ের বিরুদ্ধে ২০২৪ সালে হাইকোর্টে আপিল করেন রাসেল উদ্দিন। আপিল মঞ্জুর করে হাইকোর্ট তাঁকে খালাস দেন। সম্প্রতি প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণ উঠে এসেছে।

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: স্বামীকে খালাস দিলেন হাইকোর্ট