দুই বাংলাদেশির বিষয়ে কেন আগে জানানো হলো না, সৌদি রাষ্ট্রদূতের কাছে জানতে চেয়েছে ঢাকা
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে কেন জানানো হয়নি, তা ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছে জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চেয়ে একটি কূটনৈতিক পত্রও দেওয়া হয়েছে।রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ারের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম। বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া বৈঠকটি প্রায় আধা ঘণ্টা চলে। এতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি গত সপ্তাহে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি আলোচনায় আসে।বৈঠকের বিষয়টি রোববার সন্ধ্যায় নিশ্চিত করেন মো. নজরুল ইসলাম। তবে আলোচনার বিস্তারিত জানাতে চাননি তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে সৌদি রাষ্ট্রদূতের কাছে একটি কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে। এর আগে বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিলেন। রোববারের বৈঠক সেই যোগাযোগেরই ধারাবাহিকতা।কর্মকর্তারা জানান, বৈঠক শেষে সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, তিনি রিয়াদে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানবেন। পরে তা বাংলাদেশকে অবহিত করবেন।জেদ্দায়ও কূটনৈতিক তৎপরতাদুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে একই কূটনৈতিক পত্র গত বৃহস্পতিবার জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দপ্তর থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছিল।এ ছাড়া রোববার সকালে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দপ্তর থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় কর্মকর্তার সঙ্গে আলোচনার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দপ্তরের একটি সূত্র জানিয়েছে, আগামী দু-এক দিনের মধ্যে সৌদি কর্তৃপক্ষের ওই জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বাংলাদেশের কনসাল জেনারেলের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।