সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

হুতির হামলায় অস্থির সৌদি আরব, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নতুন করে নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। অর্থনীতি, পর্যটন ও আন্তর্জাতিক বিনিয়োগে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনায় এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, মিত্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে টানাপোড়েন, হুতিদের মোকাবিলায় প্রস্তুতির ঘাটতি এবং যুক্তরাষ্ট্রের অনিশ্চিত ভূমিকা রিয়াদের পরিস্থিতিকে আরও জটিল করেছে।সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটি তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনার উদ্যোগ নিয়েছে। তবে ইয়েমেনের সংঘাত নতুন করে তীব্র হওয়ায় সেই পরিকল্পনার সামনে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে।বিশ্লেষকদের মতে, ইয়েমেনে সামরিক কৌশল নিয়ে মতপার্থক্যের কারণে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের জোটে ফাটল দেখা দিয়েছে। ইউএই-সমর্থিত বাহিনীর সঙ্গে সৌদি আরবের সমন্বয়ের ঘাটতি পরিস্থিতিকে আরও কঠিন করেছে।এদিকে আঞ্চলিক সংঘাতের বিস্তারের মধ্যে হুতিরা সৌদি আরবকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে। সৌদি তেল অবকাঠামো ও পাইপলাইনে হামলার ফলে জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। পাল্টা জবাবে হুতিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী।যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীলতাকেও সৌদি আরবের দুর্বলতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, হুতিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে সৌদি যুবরাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চাইলেও ওয়াশিংটন সরাসরি সংঘাতে জড়াতে অনাগ্রহ দেখিয়েছে।পরিস্থিতি সামাল দিতে সৌদি আরব এখন বিকল্প মিত্রদের সহযোগিতা চাইছে। মিসর, তুরস্ক, পাকিস্তান, ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক প্রতিরক্ষা সমন্বয় জোরদারের চেষ্টাও চলছে।তবে বিশেষজ্ঞদের মতে, শুধু সামরিক সহায়তা দিয়ে ইয়েমেন সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। দেশটির বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরোধ, দুর্বল সমন্বয় এবং রাজনৈতিক সমাধানের অনিশ্চয়তা বড় বাধা হয়ে রয়েছে।সব মিলিয়ে মিত্রদের মধ্যে টানাপোড়েন, হুতিদের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের অনিশ্চিত অবস্থানের কারণে কঠিন পরিস্থিতির মুখে পড়েছে সৌদি আরব। অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা অক্ষুণ্ন রেখে এই নিরাপত্তা সংকট মোকাবিলাই এখন রিয়াদের বড় চ্যালেঞ্জ।

হুতির হামলায় অস্থির সৌদি আরব, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ