শুধু মা হওয়ার জন্য বিয়ের প্রয়োজন নেই: রাইমা সেন
কিছুদিন পর ৪৭ বছরে পা রাখবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। দীর্ঘ অভিনয়জীবন পার করলেও এখনো বিয়ে করেননি তিনি। কেন বিয়ের বন্ধনে জড়াননি—সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।পছন্দের হলিউড তারকা টম ক্রুজকে না পাওয়ার কারণেই কি বিয়ে করেননি—এমন প্রশ্নের জবাবে রাইমা বলেন, বিষয়টি নিয়ে তার বোনও মজা করেন। তবে এই বয়সে এসে বিয়ে করার তাগিদ অনুভব করেন না তিনি। পাশাপাশি অ্যাটাচমেন্ট নিয়েও তার চিন্তা হয় বলে জানান।মেয়ের বিয়ে নিয়ে তার মায়ের দুশ্চিন্তার কথাও জানান রাইমা। অভিনেত্রীর ভাষ্য, মা আগে বিয়ে নিয়ে চিন্তা করতেন। তবে এখন দেশ-দুনিয়ার পরিস্থিতি দেখে উল্টো জোর করে বিয়ে করতে নিষেধ করেন। ভবিষ্যতে একাকিত্ব অনুভব করলে অনেকগুলো বাচ্চা দত্তক নেওয়ার পরামর্শও দিয়েছেন তার মা।মা হওয়ার ইচ্ছা প্রসঙ্গে রাইমা বলেন, তিনি শিশুদের খুব ভালোবাসেন। ভবিষ্যতে মা হওয়ার ইচ্ছা তৈরি হতে পারে—এমনটা ভেবেই অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করিয়ে রেখেছেন।তবে মা হওয়ার সঙ্গে বিয়েকে আবশ্যিক মনে করেন না রাইমা। তার ভাষায়, ‘শুধু মা হওয়ার জন্য বিয়ের প্রয়োজন নেই।’এদিকে রাইমা অভিনীত ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।