দ্বীনি দাওয়াতি কার্যক্রমে অংশ নিতে ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, দুই সপ্তাহের এ সফরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভায় অংশ নেবেন চরমোনাই পীর। পাশাপাশি স্থানীয় বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটির উদ্যোগে আয়োজিত ইসলামিক সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন তিনি। সফরকালে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক মুসলিম সংগঠনের নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।