২৭ বছরের সংসার নিয়ে গুঞ্জনের জবাব দিলেন জাহিদ হাসান
দেশের জনপ্রিয় তারকা দম্পতি অভিনেতা জাহিদ হাসান ও মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। প্রেমের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। দেখতে দেখতে তাদের সংসার জীবনের ২৭ বছর পার হয়েছে।তবে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে একসঙ্গে কম দেখা যাওয়া এবং শোবিজের বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে না যাওয়াকে কেন্দ্র করে জাহিদ-মৌর সংসারে কলহ চলছে- এমন গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা আলোচনা হয়েছে।সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে এসব গুঞ্জনের বিষয়ে সরাসরি কথা বলেছেন জাহিদ হাসান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তাদের সংসারে কোনো সমস্যা নেই, তারা ভালো আছেন।জাহিদ হাসান বলেন, ‘কিছু মানুষ আছে, যাদের সবসময় কিছু না কিছু বের করতে হয়। তাই তারা গল্প বানায়। কিন্তু বাস্তবতা হলো—আমরা খুব ভালো আছি। মৌ আমার সবকিছু দেখাশোনা করে। রান্না করে খাওয়ায়ও। সত্যি বলতে কী, আমি মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি।’স্ত্রীর প্রশংসা করতে গিয়ে অভিনেতা আরও বলেন, ‘আমাদের মধ্যে কখনও ইগোর লড়াই হয় না। কারণ, মৌ আমার চেয়ে অনেক ভালো মানুষ।’একসঙ্গে কোথাও না যাওয়ার প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘মানুষ যা বলে সেটা আংশিক সত্যি। আমরা একসঙ্গে খুব একটা যাই না। কারণ আমি কাজের ব্যস্ততায় থাকি। শুটিংয়ের জন্য নিজের ভাইয়ের বিয়েতেও যেতে পারিনি। এখনো যদি কোনো ক্লাবে যাই, আড্ডা শেষ করে বের হতে ইচ্ছাই করে না। তাই অনুষ্ঠানে মৌ-ই একা যায়।’কথোপকথনের একপর্যায়ে উঠে আসে জাহিদ হাসানের অতীত প্রেমের প্রসঙ্গও। অভিনেতা জানান, তার সাবেক প্রেমিকার কথা মৌ জানেন এবং এ নিয়ে মাঝে মাঝে মজাও করেন।জাহিদ বলেন, ‘আমার আগের সম্পর্কের কথা পরিবারও জানে। একদিন মৌ মজা করে বলল, “এগুলো ফেলে রেখেছো কেন, যত্ন করে রাখো।” তখন ওর হাতে ছিল অনেকগুলো পুরনো চিঠি।’অতীতে এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন জাহিদ হাসান। সম্পর্ক ভেঙে যাওয়ার পর তাদের আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। কোথাও দেখা হলেও তাদের মধ্যে কথোপকথন হয় না বলেও জানান জাহিদ।তবে সাবেক প্রেমিকাকে নিয়ে কোনো কটু মন্তব্য করতে নারাজ তিনি। জাহিদ বলেন, ‘তাকে নিয়ে কিছু বললে সেটা অসম্মান করা হয়। আমি তাকে একসময় ভালোবেসেছিলাম। আমার মতো সেও ভালো আছে, এটাই সবচেয়ে বড় কথা।’জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ দম্পতির দুই সন্তান। বড় মেয়ে জোহায়রা জাহিদ পুষ্পিতা এবং ছোট ছেলে জারিফ জাহিদ সাইম। দুজনেই বর্তমানে পড়াশোনা নিয়ে ব্যস্ত।