সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

বাংলাদেশ স্বাধীন দেশ, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের সিদ্ধান্তও স্বাধীনভাবে নেবে: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং কোন দেশের সঙ্গে সম্পর্ক করবে বা রাখবে, সেই সিদ্ধান্ত বাংলাদেশ স্বাধীনভাবেই নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, “কোন দেশের সঙ্গে সম্পর্ক করবে, রাখবে, তা একান্তই এ দেশের মানুষের আর সরকারের সিদ্ধান্ত। সত্যিকারের প্রতিবেশী কোনো অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করে না।”শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর কর্মঅধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, শেখ হাসিনা যখন ভারতে যান, তখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের কাছে তেমন কোনো বিকল্প ছিল না।তিনি বলেন, “শেখ হাসিনার ভারতে যাওয়ার প্রেক্ষাপটটা আগে বুঝতে হবে। ভারতীয় বিমান বাহিনী বা ভারতীয় সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনাকে ভারতে নিয়ে আসেনি। সেই সময় বাংলাদেশের দুঃখজনক পরিস্থিতির কারণে এটি ঘটেছিল। এমন ঘটনা সংগঠিত হওয়া উচিত ছিল না, যেখানে নিরপরাধ মানুষ প্রাণ দিয়েছেন। বাংলাদেশের সামরিক বিমানে তাকে ভারতে নেওয়া হয়েছিল।”ভারতীয় হাইকমিশনার বলেন, “সামরিক বিমানটি ভারতে এসেছিল, যেখানে ভারত প্রস্তুত ছিল না। আমি টেলিভিশনে দেখছিলাম এবং স্ক্রলটি আসছিল যে তিনি অন্য কোথাও যাচ্ছেন। এমন একটা সময়ের মধ্যে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের এ বিষয়ে কোনো বিকল্প পথ ছিল না। প্রতিবেশী হিসেবে বাস্তবতাকে মেনে নেওয়া আমাদের দায়িত্ব ছিল।”তিনি আরও বলেন, “অনেক সময় পরিস্থিতি এমন হয় যেখানে আপনি এর জন্য প্রস্তুত থাকেন না। আমাদের কাছে আর কী বিকল্প ছিল? আমরা যদি বলতাম যে, না আমরা তাকে গ্রহণ করব না, আমরা ল্যান্ডিংয়ের অনুমতি দেব না, তবে পরিস্থিতি যে কী দাঁড়াতো তা আমার জানা নেই। সুতরাং এটিই হলো ঐতিহাসিক কারণ।”দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সিদ্ধান্তও তাই স্বাধীনভাবে নেবে, কোন দেশের সঙ্গে সম্পর্ক করবে, রাখবে, তা একান্তই এ দেশের মানুষের আর সরকারের সিদ্ধান্ত। সত্যিকারের প্রতিবেশী কোনো অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করে না।”

বাংলাদেশ স্বাধীন দেশ, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের সিদ্ধান্তও স্বাধীনভাবে নেবে: ভারতীয় হাইকমিশনার