স্থায়ী কমিটির বৈঠক, স্থানীয় সরকার নির্বাচনে আরও সময় চায় বিএনপি
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আগে আরও সময় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে চায় বিএনপি। অন্যদিকে, আসন্ন দুর্গাপূজা ঘিরে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে বৈঠক চলে রাত ৯টা পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন তারেক রহমান।দলীয় সূত্র জানায়, বৈঠকে মূলত আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা ও স্থানীয় সরকার নির্বাচন—এই দুই বিষয়ে আলোচনা হয়। পূজাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য দলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।বৈঠকে আশঙ্কা প্রকাশ করা হয়, একটি গোষ্ঠী দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে আলোচনা হয়।এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজ নিজ দায়িত্ব পালন করবে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রী, সংসদ সদস্যসহ নেতাদের নিজ নিজ এলাকার পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজার সার্বিক আয়োজনে সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।দলীয় সূত্র আরও জানায়, পূজামণ্ডপে হামলা, নাশকতা কিংবা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির কোনো সুযোগ রাখতে চায় না বিএনপি। এ জন্য হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্দিরভিত্তিক কমিটি গঠন করে পূজামণ্ডপের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি ও পাহারা নিশ্চিত করার বিষয়েও জেলার নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে বৈঠকের আলোচনায় উঠে আসে।# স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনাস্থায়ী কমিটির বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। দলীয় সূত্র জানায়, এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী ও ইসমাইল জবিউল্লাহ সম্প্রতি জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভার শীর্ষ নেতাদের সঙ্গে অনলাইনে অনুষ্ঠিত বৈঠকের বিষয়বস্তু দলের চেয়ারম্যানের কাছে তুলে ধরেন।তারা জানান, ঢাকা বিভাগের নেতাদের সঙ্গে এখনো প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বৈঠক করা হয়নি। শিগগিরই এ বিভাগের নেতাদের সঙ্গেও বৈঠক করা হবে বলে সূত্র জানায়।দলীয় সূত্রমতে, স্থানীয় সরকার নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে চায় বিএনপি, যাতে ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। এবার দলীয় প্রতীক না থাকায় একই পদে দলের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এতে দলীয় ভোট বিভক্ত হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভেদ ও কোন্দল বাড়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের পরিস্থিতি এড়াতে সম্ভাব্য বিরোধগুলো আগেভাগে আলোচনার মাধ্যমে মীমাংসার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।বৈঠকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। দলীয় সূত্র জানায়, নির্বাচন কমিশনের স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ আগামীকাল সোমবার ঘোষণার বিষয়টি আলোচনায় উঠলে কয়েকজন সদস্য বলেন, এ বিষয়ে সরকার এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে কোনো দায়িত্ব দেয়নি। ফলে নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলেন তারা।স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন, সারা দেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর ও মেম্বারদের অনেকে পালিয়ে যাওয়ায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পর্যায়ে অচলাবস্থা তৈরি হয়েছে। দীর্ঘদিনের এ পরিস্থিতি কাটিয়ে প্রতিষ্ঠানগুলোকে কার্যকর অবস্থায় ফিরিয়ে আনতে কিছুটা সময় প্রয়োজন।তবে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষেও মত দিয়েছেন কয়েকজন নেতা। তাদের মতে, নির্বাচন আয়োজনের আগে প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি গুছিয়ে নেওয়া জরুরি।