আবারও এক হলেন শিমুল-লামিমা, এবার ‘চেক আউট’
কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে শুরু করে ‘ফিমেল’, ওয়েব ফিল্ম ‘অসময়’ ও ‘হোটেল রিল্যাক্স’-এ অভিনয় করে দর্শকদের নজর কাড়েন শিমুল শর্মা ও লামিমা লাম। প্রযোজনা সংস্থা ‘বঙ্গ’-এর অরিজিনাল কনটেন্টের মাধ্যমে নিজেদের অভিনয় দিয়ে পরিচিতি পান এই জুটি।ধারাবাহিক ও ওয়েব ফিল্মের পাশাপাশি একক নাটকেও অভিনয় করেছেন শিমুল ও লামিমা। গত বছর মুক্তি পাওয়া তাদের অভিনীত নাটক ‘শর্টকাট’-এ দুজনের রসায়ন দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে। এবার জনপ্রিয় এই জুটিকে নিয়ে নির্মিত হয়েছে নতুন রোম্যান্টিক-কমেডি ঘরানার নাটক ‘চেক আউট’।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-এর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে নাটকটির প্রথম অফিসিয়াল পোস্টার। পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘ক্যামেরার সামনে পারফেক্ট স্মাইল, কিন্তু পেছনের গল্পটা পুরোপুরি উল্টো!’
‘বঙ্গ অরিজিনাল’-এর ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন মাজিদুল ইসলাম স্বাধীন। এর মূল গল্প লিখেছেন শিমুল শর্মা। চিত্রনাট্য ও সংলাপ রচনায় শিমুল শর্মার সঙ্গে যৌথভাবে কাজ করেছেন মানব মিত্র।
এর আগে ‘শর্টকাট’ নাটকে মামুন ও লায়লা চরিত্রে অভিনয় করেছিলেন শিমুল ও লামিমা। নাটকটিতে তাদের সমসাময়িক জীবনের রসায়ন দর্শকদের মধ্যে প্রশংসা পায়। সেই ধারাবাহিকতায় এবার ‘চেক আউট’ নিয়ে হাজির হচ্ছেন এই জুটি।
নাটকটিতে শিমুল শর্মা ও লামিমা লাম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তুষার খান, রেশমা আহমেদ, সায়কা শামসীর, ক্রিস্টিয়ানো তন্ময়, শাওন রিহান ও এমা। আগামী ১ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-এ মুক্তি পাবে ‘চেক আউট’।