সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

ভূঞাপুরে কৃষক কার্ডের যাত্রা শুরু, ভার্চ্যুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর

‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবে সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস ছালাম পিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) লায়লা আঞ্জুমান বানু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. দুলাল উদ্দিন, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো. মঞ্জুরুল ইসলাম, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফাসহ অনেকে।অনুষ্ঠানে উপজেলার অলোয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ১ হাজার ৬২৫ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস ছালাম পিন্টু বলেন, কৃষক কার্ড বর্তমান সরকারের একটি নির্বাচনী ওয়াদা। এই কার্ডের মাধ্যমে কৃষক আর্থিক সহায়তার পাশাপাশি কৃষিপণ্য উৎপাদন ও কৃষি উপকরণসহ কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন ধরনের সহায়তা পাবেন।তিনি আরও বলেন, যারা কৃষির সঙ্গে সম্পৃক্ত, তারা সবাই কৃষক কার্ড পাবেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এর আগে তাঁর নির্বাচনী এলাকা গোপালপুর থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছিল। এবার তাঁরই নির্বাচনী এলাকার ভূঞাপুর উপজেলা থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে।এ সময় প্রধানমন্ত্রী ফেনীর সোনাগাজী থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন এবং কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন।

ভূঞাপুরে কৃষক কার্ডের যাত্রা শুরু, ভার্চ্যুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর