সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

রুবিওর বক্তব্যে দ্বিচারিতা, ইরানি সভ্যতাকে অবমাননার অভিযোগ বেলায়েতির

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি অভিযোগ করেছেন, নিজেদের পছন্দের জাতির প্রতিরোধকে বীরত্ব হিসেবে তুলে ধরলেও ইরানের প্রতিরোধকে অবজ্ঞা করছে যুক্তরাষ্ট্র। তাঁর মতে, এটি সভ্যতার পরিচয় নয়; বরং আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দর্শনের অপব্যবহার। ‎ ‎ইরানের বার্তা সংস্থা ইরনার বরাতে জানা যায় , শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বেলায়েতি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, প্রাচীন গ্রিসে ‘শেষ ব্যক্তি পর্যন্ত’ প্রতিরোধ করাকে প্রশংসা করা হয়। অথচ ইরানের জনগণের প্রতিরোধকে ‘মৃত্যুর উপাসনাকারী সম্প্রদায়’ বলে অবজ্ঞা করা হচ্ছে। ‎ ‎রুবিওকে উদ্দেশ করে বেলায়েতি বলেন, নিজেদের জনগণের প্রতিরোধের প্রশংসা করা আর অন্যদের প্রতিরোধকে হেয় করা কোনো সভ্যতার পরিচয় নয়। বরং এটি আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে দর্শনের অপব্যবহার। ‎ ‎বেলায়েতি আরও বলেন, ইসলামী বিপ্লব নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তিই মূল সমস্যা নয়; বরং দেশটির প্রকৃত সমস্যা একটি শক্তিশালী ও স্বাধীন ইরানি সভ্যতাকে নিয়ে। একই সঙ্গে হিরোশিমা, ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানের বিপর্যয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের অন্যদের নৈতিকতার শিক্ষা দেওয়ার অধিকার নেই। ‎ ‎সম্প্রতি গ্রিসের রাজধানী এথেন্সের অ্যাক্রোপলিসে দেওয়া এক বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সভ্যতা নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রাচীন গ্রিস ও পারস্যের যুদ্ধ নিয়ে গ্রিক ঐতিহাসিক বর্ণনার হলিউডধর্মী উপস্থাপনার প্রসঙ্গ টেনে রুবিও দাবি করেন, খ্রিষ্টপূর্ব ৪৮০ সালে ইরানিরা গ্রিস আক্রমণ করে এবং সেখানে লুটপাট চালায়। তাঁর এই বক্তব্য ঘিরেই ইরানের পক্ষ থেকে সমালোচনা সামনে এসেছে।

রুবিওর বক্তব্যে দ্বিচারিতা, ইরানি সভ্যতাকে অবমাননার অভিযোগ বেলায়েতির