প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
জনগণের টাকার প্রতিটি পয়সার হিসাব চাই, কর্মকর্তাদের সতর্ক করলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক ||
উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের অপচয় রোধ করে প্রতিটি পয়সা দেশ ও মানুষের কল্যাণে ব্যয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার বাজেট দেবে, তবে সেই অর্থ জনগণের। তাই বরাদ্দের প্রতিটি পয়সা দেশের স্বার্থে সঠিকভাবে ব্যয় নিশ্চিত করতে হবে।
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। সভায় চলমান কার্যক্রম, গৃহীত প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নির্ধারিত লক্ষ্যমাত্রা সম্পর্কে তাঁকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে এবং বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব লক্ষ্য অর্জনে সরকার বাজেট বরাদ্দ দেবে। তবে বরাদ্দের অর্থ জনগণের—এ কথা মাথায় রেখে প্রতিটি পয়সা দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে ব্যয়ে কর্মকর্তাদের সর্বোচ্চ মনোযোগী হতে হবে।
সরকারি দায়িত্বকে দেশ ও মানুষের সেবা করার বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। আল্লাহ তাঁদের দেশের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। তাই যার যতটুকু দায়িত্ব ও কাজ করার সুযোগ রয়েছে, তা আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না। ফলে যে ব্যক্তি যখন যে দায়িত্বে থাকবেন, তাঁকে সেই সময়টুকু যথাযথভাবে কাজে লাগাতে হবে। মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনে আন্তরিকতার বিকল্প নেই।
সভায় মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরতে কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অভিজ্ঞতা সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আবারও পর্যালোচনা হবে উল্লেখ করে তিনি পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তাদের আরও খোলামেলাভাবে মতামত দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভা শেষে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যার হাতে যত দিন কাজ করার সুযোগ রয়েছে, সেই সুযোগ যেন দেশ ও মানুষের কল্যাণে সঠিকভাবে কাজে লাগানো হয়।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত