প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে ৯ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
সিরাজগঞ্জের শাহজাদপুরে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী হালিমা খাতুন নামের এক শিশুর পিতার লাঠির আঘাতে মৃত্যুর অভিযোগ উঠেছে।সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার গালা ইউনিয়নের চর দুগালী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলীম প্রামাণিক ওই গ্রামের মো. মোকসেদ প্রামাণিকের ছেলে।নিহত শিশুর মা ফজিলা খাতুনের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী আলীম প্রামাণিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে নিয়মিত নির্যাতন করতেন। সোমবার সকালে আলীম তাকে লাঠি দিয়ে আঘাত করেন। এপ সময় মায়ের কোলে থাকা শিশু হালিমার শরীরে লাঠির আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ করেন তিনি।পরে ফজিলা খাতুন শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর শোকাহত মা শিশুটিকে কোলে করে শাহজাদপুর পৌর শহরের দরগাহপাড়া মহল্লায় তার ফুপুর বাড়িতে নিয়ে যান।খবর পেয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও শফিক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেন।শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে দরগাহপাড়া থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত শিশুটির বাবা আব্দুল আলীমকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত