প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
শাহজাদপুরে কোটি টাকা মূল্যের সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ
রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে তাজলিন রহমান নামে এক মার্কেট মালিকের বিরুদ্ধে। খবর পেয়ে রোববার (৪ অক্টোবর) ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণসামগ্রী জব্দ করে ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম।জানা যায়, শাহজাদপুর পৌর শহরের মণিরামপুর বাজারের নূর সুপার মার্কেটের পেছনে সরকারি জায়গা রয়েছে। সম্প্রতি ওই জায়গা দখল করে ভবন নির্মাণের কাজ শুরু করেন নূর সুপার মার্কেটের পশ্চিম অংশের মালিক তাজলিন রহমান।খবর পেয়ে শনিবার শাহজাদপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারসহ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে রাজমিস্ত্রি ও মার্কেটের কেয়ারটেকার আবিরকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে জায়গাটির বৈধ কাগজপত্র থাকলে রোববার সকালে সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে বলা হয়।অভিযোগ রয়েছে, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে তাজলিন রহমান রোববার সকাল থেকে আবারও ভবন নির্মাণের কাজ শুরু করেন।পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলামসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। এ সময় কেয়ারটেকার জায়গাটির মালিকানার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় নির্মাণসামগ্রী জব্দ করা হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভবন নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।এ বিষয়ে মার্কেট মালিক তাজলিন রহমান বলেন, ‘জায়গাটির মালিক আমরাই। জানি না কেন প্রশাসন নির্মাণসামগ্রী জব্দ করে নিয়ে গেছে। তবে ভুলবশত পৌর কর্তৃপক্ষের কোনো অনুমোদন নেওয়া হয়নি।’সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম বলেন, ‘সরকারি জায়গা দখলের অভিযোগ পেয়ে গতকাল ভূমি অফিসের সার্ভেয়ার লিখন হোসেনকে ঘটনাস্থলে পাঠিয়ে কাজ বন্ধ রাখতে এবং জায়গাটির মালিকানার কাগজপত্রসহ মালিকপক্ষের কেয়ারটেকারকে উপস্থিত হতে বলা হয়েছিল।’তিনি আরও বলেন, ‘তারা নির্দেশ অমান্য করে ভবনের কাজ চালু রাখায় আজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণসামগ্রী জব্দ করা হয়েছে। মালিকপক্ষকে ভূমির বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভবন নির্মাণের কাজ বন্ধ থাকবে।’
সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত